চট্টগ্রামে টাইগার পাস হিলে পাহাড় কেটে মেয়র ভবন নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আদালত বলেছে, সরকারের প্রতিবেদন অনুসারে দেখা গেছে, এই ভবন নির্মাণে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। সুতরাং পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত পাহাড় কেটে এ ধরনের ভবন নির্মাণ বেআইনি।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেব নাথের ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের নিকট সিটি করপোরেশনের ভবন নির্মাণের আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া মেয়র ভবন নির্মাণের খবর প্রকাশিত হলে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট মঞ্জিল মোর্দেশ। এর আগে হাইকোর্ট এ রিটের উপর রুল জারি। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেয়।