রাশিয়া এবং যুক্তরাজ্য উভয় দেশ তাদের সম্পর্ক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে টেলিফোন করেন। এসময় উভয় নেতা তাদের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তেরেসা মে এবং ভ্লাদিমির পুতিন উভয়েই তাদের বর্তমান রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেন। সেইসঙ্গে তারা তাদের সম্পর্কের উন্নয়নের কথা বলেন। ডাউনিং স্ট্রিট থেকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, উভয় দেশ বিমান নিরাপত্তা সহযোগিতা বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছেন এবং তারা এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দুই নেতার আগামী মাসে চীনে জি-২০ সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে।
২০০৬ সালে দুই দেশের মধ্যে সম্পর্কের অধঃপতন ঘটে। বিশেষ করে সেসময়ে যুক্তরাজ্যে রুশ সাবেক গোয়েন্দা আলেক্সান্ডার লিটভিনেনকো খুন হলে এ সম্পর্কের চিড় ধরে। বৈরী সম্পর্কের ক্ষেত্রে যে আরেকটি বিষয়কে দেখানো হয় তা হলো সিরিয়া সরকারকে রাশিয়ার সহায়তা। ক্রিমিয়া দখল এবং সবশেষে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দুদেশের মধ্যে ফারাককে আরো বড়ায়।
টেলিফোনে উভয় নেতাই সন্ত্রাস মোকাবিলায় একত্রে কাজ করার কথা বলেন। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে দূরত্ব থাকলে এ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। -বিবিসি
ইত্তেফাক/এমএএস