প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে চলেছেন বলিউডের দুই বড় তারকা- অমিতাভ বচ্চন এবং আমির খান। যশ রাজ ফিল্মস-এর পরবর্তী প্রকল্প ‘থাগ’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।
‘ধুম থ্রি’ পরিচালক ভিজায় কৃষ্ণা আচারিয়া পরিচালনা করবেন সিনেমাটি। এরমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য আরেক ‘ধুম’ অভিনেতা হৃত্বিক রোশানের কাছেই প্রথমে ধর্না দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ‘থাগ’-এ অভিনয় করতে রাজি হননি তিনি। আপাতত পরিচালক সঞ্জয় গুপ্তা’র ‘কাবিল’ নিয়েই ব্যস্ত এই অভিনেতা ।
হৃতিকের কাছে ব্যর্থ হয়ে, গোড়া থেকে শুরু করেন আচারিয়া, পাল্টে ফেলেন প্রায় পুরো চিত্রনাট্য। ধার করেন ফিলিপ মিডো টেইলর এর গল্প ‘থাগ’, যেখানে কাহিনী আবর্তিত হয় এক অপরাধীকে ঘিরে, যে জীবনের একটি পর্যায়ে এসে একে একে স্বীকার করতে শুরু করে তার সব অপরাধের কথা।
পরিবর্তিত চিত্রনাট্য পড়েই নাকি চরিত্রটিতে অভিনয়ের জন্য উৎসাহী হয়ে ওঠেন আমির খান। কারণ অসাধারণ গল্পের সাথে সাথে আমিরের জন্য জন্য সিনেমায় আরেকটি বিশেষ প্রণোদনা হিসেবে থাকছে এই ‘ছিঁচকে অপরাধী’র চরিত্র। সেই ১৯৯৪ সালের ‘রাঙ্গিলা’ আর সর্বশেষ ১৯৯৮ সালের ‘গুলাম’-এর পর যে একবারের জন্যও এই ধরণের চরিত্রে অভিনয় করা হয়নি আমিরের! তাই ‘থাগ’ নিয়ে আমিরের উচ্ছাসের নাকি কমতি নেই!
তাছাড়াও নিতেশ তিওয়ারি’র ‘দাঙ্গাল’ এর মতো ‘সিরিয়াস’ সিনেমার ধকল শেষে পরবর্তী সিনেমায় একটু মজার কিছু চাইবেন আমির- এটাই স্বাভাবিক। সবকিছু ঠিকঠাক থাকলে ‘থাগ’ যে ইতিহাস রচনা করবে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বলিউড দর্শকদের। আর দর্শকদের উত্তেজনার পারদে আরো তা দিতে আপাতত সিনেমাটি নিয়ে কোনরকম মুখ খোলাই নাকি বারণ সিনেমা সংশ্লিষ্টদের। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এসএসএ