সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় সেজন্য শোলাকিয়া, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এই সব জঙ্গি হামলা চালানো হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গুলশান, শোলাকিয়া, কল্যাণপুরসহ অনেক স্থানে হামলা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এইসব অপকর্ম চালাচ্ছে- যাতে যুদ্ধাপরাধীদের বিচার না করা যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাহসীকতার সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করে যাচ্ছেন। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর মেয়র আবদুর কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, চেয়ারম্যান নুর নবী চৌধুরী প্রমুখ।