'খারাপ কাজ দিয়ে ভালো কাজের মূল্যায়ন করা যুক্তিযুক্ত নয়'

ছোটপর্দার জনপ্রিয় মুখ অপূর্ব। মাঝে বড়পর্দায় তাকে দেখা গেলেও এরপর আর কোনো খবর নেই তার। ছোটপর্দার কাজ ও বড়পর্দার অনুপস্থিতি প্রসঙ্গে কথা বললেন ইত্তেফাকের বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন দেবব্রত ভৌমিক
 
এখনকার ব্যস্ততা?
ঈদের কাজ, টেলিফিল্ম, ধারাবাহিক সিরিয়াল এসব নিয়েই ব্যস্ত। ঈদের কাজগুলো এখনো শুরু হয়নি, সেগুলোর নামও ঠিক হয়নি। আগামী ১৭ তারিখ থেকে ঈদের একটি নাটকের কাজ শুরু হচ্ছে। আশা করছি খুব শিগগিরই বাকি কাজগুলোও শুরু হয়ে যাবে।
 
প্রথম চলচ্চিত্রের পর আপনি অনেকটা উধাও। নতুন কোনো ছবির খবর কি দর্শকরা পাবেন?
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দর্শক বড়পর্দায় আমাকে দেখতে পাবে। আগামী বছরের কাজের জন্যই এখন কথাবার্তা চলছে। কাজ শুরু হলে বিস্তারিত আমি নিজেই জানাবো।
 
প্রথম চলচ্চিত্র সবাই একটু বেছে করেন। তাই প্রত্যাশাও থাকে অনেকটা। আপনার প্রথম চলচ্চিত্র দিয়ে প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হয়েছে?
আমার নিজের যতটুকু প্রত্যাশা ছিল ঠিক ততোটুকু প্রত্যাশা পূরণ হয়নি। বেশকিছু কারণ ছিল অবশ্য, যেমন চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাব্য তারিখের এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছিল। সেই অনুযায়ী প্রচার-প্রচারণার সময়ও কমে গিয়েছিল। কিন্তু যত যাই হোক না কেন, ওটা আমার কাছে এখনো অসাধারণ।
 
আপনি এবং আপনারা যারা নিজেদের ব্যক্তিগত ব্যবসা করছেন, আপনারা চাইলে ব্যবসার পুঁজিটা নাটকের পেছনে খরচ করতে পারতেন। সেটা কেন করছেন না?
নাটকের পেছনে যে ইনভেস্ট করি না এমন কিন্তু নয়। সত্যি কথা বলতে কি আমি নিজে যদি নাটকে পুঁজি দিতে যাই তখন অনেকেই বলাবলি করবে নিজের নাটক নিজেই পরিচালনা করছে। এই ধরণের কথা শুনতে আমি রাজি নই। আর এখনই সেরকম ভাবনা নেই। তবে বড় বাজেটের কোনো কাজ করার হলে সেখানে বিনিয়োগ করতে চাই।
 
ঈদের নাটকের মান বরাবরই প্রশ্নবিদ্ধ। আপনি কী মনে করেন?
কথাটির সাথে আমি একমত পোষণ করতে পারছি না। এই কারণে করছি না, আপনি একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন ভালো কাজের সংখ্যা সবসময় খুব কম হয়। তাই বলে খারাপ কাজ দিয়ে ভালো কাজের মূল্যায়ন করাটা যুক্তিযুক্ত নয়। যারা বলেন, এবারের নাটকের কাজ ভালো হয়নি, দেখা যাবে তাদের কাজ কিংবা তাদের পরিচিত কারো কাজ ভালো হয়নি বলেই তারা এমন মন্তব্য করছেন। অনেকের কাছেই শুনি আমাদের নাটক নাকি আজকাল দর্শক দেখেন না। শুটিংয়ের কাজে আমি ঢাকার বাইরে গেলে দর্শকদের কাছেই শুনি আপনার ওই নাটকের এই কাজটা ভালো লেগেছে, এই ডায়লগটা ভালো লেগেছে, এটা খারাপ লেগেছে এ সব কথা নিয়মিতই শুনি। আমি মনে করি আমাদের নাটকের জনপ্রিয়তা এখনো টিকে আছে। নাটক টিকে আছে বলেই রাস্তা-ঘাটে দর্শক আমাদের চেনে।
 
ইত্তেফাক/এসএস