অনলাইন চ্যানেল 'থার্ড বেল'। এটির কর্ণধার জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল। বিভিন্ন সময় দর্শকদের জন্য আকর্ষণীয় ফিচার নিয়ে আসে 'থার্ড বেল'। সেই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যেই 'থার্ড বেল' চালু করতে যাচ্ছে তিনটি নতুন ফিচার।
এরমধ্যে একটি ফিচার হবে ইউটিউবের বিকল্প। এখন অনেকেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপার্জন করছেন। সেই সুযোগটিই আরো সহজে করে দিচ্ছে 'থার্ড বেল'। এ প্রসঙ্গে হিল্লোল ইত্তেফাককে বলেন, 'নতুন অনেক নির্মাতা আছেন, যারা শর্টফিল্ম বানাচ্ছেন। তারা চান সেই শর্টফিল্মটির মাধ্যমে অর্থ উপার্জন করতে। কিন্তু ইউটিউব থেকে সবাই সেই সুযোগটা পান না। তাদের জন্যই আমরা এই সুযোগটা নিয়ে আসছি। আমাদের 'থার্ড বেল'-এ যে শর্টফিল্মগুলো প্রচার হবে দর্শকরা সেগুলো একটি নির্দিষ্ট টাকার মাধ্যমে দেখতে পারবেন। এটি শুধু যে নতুনদের জন্য তা কিন্তু নয়, সবার জন্যই এটি উন্মুক্ত।'
'থার্ড বেল'-এর পাশাপাশি হিল্লোল ব্যস্ত আছেন অভিনয় নিয়ে। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। এছাড়া ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।