রিও অলিম্পিক : ডাইভিংয়ে যুক্তরাজ্যের সোনা লাভ

 
রিও অলিম্পিকের ডাইভিংয়ে চীনের একক আধিপত্য বজায় রাখার ঘোষণার মধ্যে স্বর্ণ পদক জয় করে নিলেন যুক্তরাজ্যের ডাইভার জুটি জ্যাক লাফার ও ক্রিস মিয়ার্স। পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে এই জয় পায় তারা।
 
লন্ডন অলিম্পিকে এই ডাইভিংয়ের ছয়টিতে চ্যাম্পিয়ন হওয়া চীনের ডাইভাররা এবার সবকটিতে সোনা জয়ের লক্ষ্যে ছিল। গেমসের পঞ্চম দিনে লাফার ও মিয়ার্স জুটির নৈপুণ্যে এবারের রিও অলিম্পিকে তৃতীয় সোনার পদক জিতল যুক্তরাজ্য। তাদের সতীর্থ টম ড্যালে ও ড্যান গুডফেলো ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন।
 
২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে ৩ মিটারের সোনা চীনের দখলে ছিল। কিন্তু রিওতে বুধবার রাতে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় কিন কাই ও কাও ইউয়ান জুটিকে।
 
যুক্তরাষ্ট্রের স্যাম ডরম্যান ও মাইক হিক্সন নিজেদের শেষ ডাইভে এ প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোর ৯৮.০৪ করে রুপা জেতেন।
 
রিও গেমসে ডাইভিংয়ের আগের তিনটি সোনা জিতেছিল চীন। মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে উ মিনশিয়া ও শি তিংমাও জুটির সোনা জেতার পর ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে সেরা হন চেন আইশেন ও লিন ইউই জুটি। প্রতিযোগিতার চতুর্থ দিনে মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে সোনা জেতেন চেন রুওলিন ও লিউ হুইশিয়া জুটি।