পুরুষদের ডাবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে স্বর্ণ জয় করে রিও গেমসে প্রথম নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে রেকর্ড গড়েছেন কুয়েতের ফেহাইদ আল-দিহানি। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইতালির মারকো ইনোসেন্টি ও ব্রোঞ্জ পদক জয় করেছেন ব্রিটিশ শ্যুটার স্টিফেন স্কট।
ক্রীড়াক্ষেত্রে সরকারী হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুয়েত অলিম্পিক এসোসিয়েশনকে বহিষ্কার করে। সে কারনে এবারের রিও অলিম্পিকে স্বাধীন কিংবা নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে অংশ নেন সিডনি ও লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী শ্যুটার আল-দিহানি। কুয়েতি সেনাবাহীনির এই সদস্য এই নিয়ে ষষ্ঠবারের মত অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। ইন্ডিপেনডেন্ট অলিম্পিক এ্যাথলেট (আইওএ) হিসেবে এবার যে নয়জন এ্যাথলেটি রিও গেমসে অংশ নিচ্ছেন তাদের মধ্যে আল-দিহানি অন্যতম।
গত শুক্রবার রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আইওসি আল-দিহানিকে নিরপেক্ষ পতাকা বহনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেনাবাহিনীর চাকরির কারণে আইওসির সেই প্রস্তাবে রাজি হননি কুয়েতি এই শ্যুটার।