ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন: হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। বুধবার আইওয়া অঙ্গরাজ্যের ডে মাইনের এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এ অভিযোগ করেন হিলারি।
 
‘অস্ত্র রাখার অধিকার সমর্থনকারীরা হিলারির জয় থামাতে পারবেন’ এ কথা বলার মাধ্যমে ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। হিলারি বলেন, শব্দ ব্যাপক বিপর্যয় বয়ে আনতে পারে। ‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট পিপল’ বা অস্ত্রের মালিকরা হিলারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, এমন মন্তব্য করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প।
 
প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক সক্ষমতা ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেছেন হিলারি। ইরাকে নিহত যুক্তরাষ্ট্রের মুসলিম সেনার পরিবারের সঙ্গে বিবাদে জড়ানোর কারণেও ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি।  হিলারি বলেন, গতকাল ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাহীন মন্তব্যের আরেক নজির দেখলাম আমরা, যা আবারও সীমা অতিক্রম করল। 
 
এর আগে কোনো ধরনের বিবেচনা ছাড়াই তিনি একটি গোল্ড স্টার ফ্যামিলিকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন, আরো অনেক দেশের পরমাণু অস্ত্র থাকা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। এবার তার বিবেচনাহীন মন্তব্য সহিংসতা উস্কে দিচ্ছে। এই প্রত্যেকটি ঘটনা দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সর্বাধিনায়ক হওয়ার মতো মানসিক সক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। বিবিসি।