প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘ঢাকা উইমেনস ম্যারাথন’। এতে অংশ নিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকশ পেশাজীবী নারী।
শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানেই শেষ হয় এই দৌড়।
যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত ঢাকা উইমেনস ম্যারাথনে বিজয়ী প্রথম তিন জনকে ট্রফি, পাঁচ জনকে নগদ অর্থ ও প্রথম ১০০ জনকে পদক দেয়া হয়। অংশগ্রহণকারীর সবাইকে দেয়া হয় সম্মাননা সনদ।
প্রতিযোগিতায় প্রথম হন সেনাবাহিনীর সদস্য সুমি আক্তার, ১ ঘণ্টা ২৫ মিনিটের এই দৌড় তিনি শেষ করেছেন ৪৮ মিনিট ২২ সেকেন্ডে। দ্বিতীয় হন নৌবাহিনীর মেরুনা ও তৃতীয় হন আরেক সেনা সদস্য স্মৃতি।
প্রথম পাঁচ জনকে সনদসহ যথাক্রমে ৩০ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
নারীদের এই দৌড়ে ২৮৯ জন অংশগ্রহণ করে বলে আয়োজকরা জানান।
শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষাভবন, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে শেষ হয় প্রতিযোগিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে এর উদ্বোধন করেন।