আরেকটি ফিচার যোগ হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিগত সাহায্যকারী গুগল নাও'য়ে। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ এই তথ্য জানিয়েছে।
সূত্রের খবরে প্রকাশ, শিগগিরই গুগল নাও নতুন একটি ফিচার পাচ্ছে, যা দিয়ে কাঙ্ক্ষিত তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন একজন ব্যবহারকারী। অর্থাৎ ব্যবহারকারী কোন কোন ধরনের তথ্য পেতে চান তা তার হয়ে ট্র্যাক করবে গুগল নাও।
নতুন ফিচারটির সম্ভাব্য নাম 'এক্সপ্লোর ইন্টারেস্টস'। এর মাধ্যমে খেলাধুলা, টিভি, মুভি, মিউজিশিয়ান, জন সাধারণ, শেয়ারবাজার ইত্যাদি ক্যাটাগরিতে নিজের কাঙ্খিত তথ্য নির্দিষ্ট করে দিতে পারবেন ব্যবহারকারী। এতে ব্যবহারকারী ওই সব ক্যাটাগরির তথ্য পাবেন গুগল নাও কার্ড এর মাধ্যমে।
টেকক্রাঞ্চকে গুগল নাও এর নতুন ফিচারের খবর নিশ্চিত করে গুগলের একজন মুখপাত্র জানান, 'এক্সপ্লোর ইন্টারেস্টস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ইন্টারফেস নিয়েও নিরীক্ষা চলছে।'
২০১২ সালে গুগলের অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমে প্রথম চালু করা হয় গুগল নাও।