অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মারে-নাদাল

ইতালিয়ান ফ্যাবিও ফগনিনির সাথে কঠিন লড়াইয়ে পরে অবেশেষে রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন এন্ডি মারে। ব্রিটিশ এই তারকা গতকাল চতুর্থ রাউন্ডে ৬-১, ২-৬, ৬-৩ গেমে ফগনিনিকে পরাজিত করেন।
 
প্রথম সেটে দাপটের সাথে জিতলেও দ্বিতীয় সেটে টানা আটটি গেম জয় করে ফগনিনি দারুনভাবে লড়াইয়ে ফিরে আসেন। যদিও তৃতীয় সেটে ইতালিয়ান তারকাকে দাঁড়াতেই দেননি মারে।
 
মারে ছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ রাফায়েল নাদাল। ফ্রেঞ্চম্যান জিলেস সিমোনের বিপক্ষে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমের সরাসরি সেটে জয়ী হয়ে নাদাল কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
 
প্রথম দিকের রাউন্ডগুলোতে বেশ কয়েকটি বড় অঘটনে অলিম্পিকের টেনিস ইভেন্টের আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে গেছে।
 
আর্জেন্টাইন হুয়ান মার্টিন ডেল পোত্রোর কাছে প্রথম রাউন্ডে পরাজিত হয়ে বিশে^র এক নম্বর তারকা নোভাক জোকোভিচের বিদায়ের পরে স্বর্ণ ধরে রাখার মিশনে মারেকেই ফেবারিট মানা হচ্ছে।
 
ফ্রেঞ্চ তারকা গিলেস সিমোনের বিপক্ষে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ২০০৮ অলিম্পিক জয়ী নাদাল। টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়েই লিড নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। দ্বিতীয় সেটটি (৬-৩) অবশ্য সহজেই উতরে যান স্প্যানিশ আইকন।