শুক্রবার দৈনিক ইত্তেফাকে ‘জাবিতে ফুলের টবে গাঁজা চাষ করছেন ছাত্রলীগ নেতা’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরেই দুই ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্র ছাত্রলীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রইছ ও ছাত্রলীগ কর্মী মো. রাসেল। এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেই শহীদ রফিক জব্বার হলের ২০৯ ও ২১০ নাম্বার রুমের জানালার পাশের গাঁজা গাছগুলো সবার নজরে আসে। পরে সেখানে গাঁজা গাছগুলো সড়িয়ে ফুলের চারা লাগানো হয়েছে। কিন্তু এ ঘটনায় ছাত্রলীগ থেকে তাদের বহিষ্কার করলেও দুই ছাত্রলীগ কর্মী তাদের নির্দোষ দাবি করে বিবৃতি জানিয়েছেন।