এগিয়ে গিয়েও লিগে জয় পেলনা শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে সান্তনা বলতে একটি পয়েন্ট। কারণ আগের চারম্যাচই যে পয়েন্টশূন্য ছিলো ঢাকার জায়ান্টরা।
শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে টিম বিজেএমসির সঙ্গে ড্র করে চলতি লিগে প্রথম পয়েন্টও পেয়েছে মারুফুল হকের দল।
এদিন ২৫তম মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বক্সের ঠিক বাইরে ইমরান হোসেন রুবেল মোনায়েম খান রাজুকে ফাউল করলে ফ্রি-কিক পায় শেখ রাসেল। রাজুর ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান ইকাঙ্গা।
IMG0
দ্বিতীয়ার্ধের শুরুতে আব্দুল্লাহ পারভেজের ফ্রি-কিকে মেহেদী হাসান তপুর নেওয়া হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় বিজেএমসির। তবে ৫০তম মিনিটে স্যামসন ইলিয়াসুর বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান জাকির হোসেন জিকু।
পাঁচটি করে ম্যাচ খেলে শেখ রাসেলের পয়েন্ট ১, বিজেএমসির ৪। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
৮ করে পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও চট্টগ্রাম আবাহনী। গোল পার্থক্যে এগিয়ে থাকায় মুক্তিযোদ্ধা আছে দ্বিতীয় স্থানে। রহমতগঞ্জের অবস্থান তিন নম্বরে। আর চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। তিনটি দলই অবশ্য শেখ জামালের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে।