আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

 
 
আর্জেন্টিনার জাতীয় দলে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দুই মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দেন।
 
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার নতুন কোচ এদগার্ডো বাউজার সঙ্গে আলাপচারিতার পর তিনি এই ঘোষণা দিলেন। 
 
জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ঐ খেলায় পেনাল্টি মিস করেন মেসি।
 
শুক্রবার আর্জেন্টিনার গণমাধ্যমে মেসির যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে তিনি জাতীয় দলকে সাহায্য করার কথা বলেছেন। মেসি বলেছেন, আর্জেন্টিনার ফুটবলে অনেক সমস্যা দেখছি। আমি নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না। 
 
বিবৃতিতে তিনি বলেন, আমি কোনো ক্ষতির কারণ হতে চাই না। আমি সময় যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। 
 
মেসি বলেন, আর্জেন্টিনা ফুটবলে আমাদের অনেক কিছু ঠিক করতে হবে। আমি দলের ভেতর থেকে সেই কাজ করতে চাই। বাইরে থেকে সমালোচনা করতে চাই না। 
 
আর্জেন্টিনা দলের অধিনায়ক বলেছেন, গত ফাইনালের দিন আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। আমি সত্যি সত্যি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি এই দেশকে ভালবাসি। দলের জার্সিকে আরো বেশি ভালবাসি।  
 
বিবৃতিতে আরো বলা হয়, যারা সবসময় চেয়েছেন আমি আজেন্টিনার হয়ে খেলি তাদের ধন্যবাদ জানাই। আশা করছি খুব শিগগিরই তাদের আনন্দ দিতে পারব। 
 
 
ইত্তেফাক/এএসএস