শফিক-ইউনুসের দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তানের লিড

 
আসাদ শফিক ও ইউনুস খানের দৃঢ় ব্যাটিংয়ের ওপর ভর করে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। সোহেল খানের বোলিং নৈপুন্যে ইংলিশদের ৩২৮ রানে গুটিয়ে ফেলার পর দ্বিতীয় দিনে শফিক ও ইউনুসের সেঞ্চুরির কল্যাণে ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। হাতে আছে ৪ উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪০ রান।
 
নিজেদের টেস্টের প্রথম দিন ইংল্যান্ডকে অল আউট করার পর পাকিস্তানের প্রথম ইনিংসে শেষ বেলায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান সামি আসলাম। অমন বাজে শুরুর পর লন্ডনের কেনিংটন ওভালে দ্বিতীয় দিনে পাকিস্তানের লিড নেওয়ার পিছনে শফিক-ইউনুসের দৃঢ়তাভরা ইনিংস ছাড়াও আজহার আলি ও নাইটওয়াচম্যান ইয়াসির শাহের অবদান কম নয়।
 
১ উইকেটে ৩ রান নিয়ে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান আজহার ও ইয়াসির শুক্রবার সকালে বেশ ভালো শুরু করেন। দুজনে মিলে ৪৯ রান যোগ করে। আর ইয়াসিরের (২৬) বিদায়ের পর তৃতীয় উইকেটে আজহার (৪৯) ও শফিক জুটি দলীয় স্কোরে ৭৫ রান যোগ করে। মইন আলির বলে আজহার উইকেটের পিছনে ক্যাচ দিলে ভাঙে ২১.৫ ওভার স্থায়ী তাদের জুটি।
 
এরপরই শফিক ও ইউনুসের ব্যাটে প্রথম তিন টেস্টে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তানের সম্ভাবনার শুরু। দুজনেই বেশ ভালো গতিতে রান তুলেছেন। ৯৯ রানে পৌঁছে শফিক কিছুটা স্নায়ুচাপে ভুগলেও ধৈর্য্যের পরীক্ষা দিয়ে ১৬ বল পর মিড-অনে ঠেলে দিয়ে নবম টেস্ট শতক পূর্ণ করেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি; স্টিভেন ফিনের বলে স্টুয়ার্ট ব্রডকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
 
১৭৯ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১০৯ রান করেন শফিক।
 
শফিকের বিদায়ের পর অধিনায়ক মিসবাহ ও ইফতিখার আহমেদ দ্রুত বিদায় নেন। তবে লিড আরো বাড়িয়ে নেয়ার সম্ভাবনা বেঁচে আছে ইউনুসের ব্যাটে। ১০১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আরেক অপরাজিত ব্যাটসম্যান সরফরাজ আহমেদের রান ১৭।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
 
পাকিস্তান ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩/১) ৯১ ওভারে ৩৪০/৬ (সামি ৩, আজহার ৪৯, ইয়াসির ২৬, শফিক ১০৯, ইউনুস ১০১*, মিসবাহ ১৫, ইফতিখার ৪, সরফরাজ ১৭*; ওকস ২/৫২, ফিন ২/৭১, ব্রড ১/৫৯, মইন ১/৮৩)