ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার জেএমবির আত্মঘাতী সদস্য নয়ন হোসেনের বাড়ি পাবনার সুজানগরের দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামে। সে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা মোজাহার আলী প্রামাণিকের ছেলে।
বুধবার ভোরে র্যাব সদস্যরা মিরপুরের একটি ভাড়া বাসা থেকে নয়নকে গ্রেফতারের পর তার নিজ গ্রামে চলছে নানা গুঞ্জন।
বৃহস্পতিবার সরেজমিনে তেবিলা গ্রামে গিয়ে জানা গেছে, দুলাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহার আলী প্রামাণিকের ছেলে নয়ন ২০১২ সালে স্থানীয় চিনাখড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর ঢাকার শেওড়াপাড়া ট্রমা ম্যাটস’এ ভর্তি হয়। এর পর সে শেওড়াপাড়া এলাকার ইব্রাহিমের মেসে থেকে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া শুরু করে।
মোজাহার আলী বলেন, ‘নয়ন ট্রমা ম্যাটস’এ ভর্তি হওয়ার পর নিয়মিত মোবাইলে বাড়ির সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি প্রায়ই বাড়িতে আসত। সর্বশেষ সে ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসে। ছুটি শেষে ঈদের ৮/১০ দিন পর সে আবার মেসে ফিরে যায়। আমি ২৩ জুলাই মেসের অন্য ছাত্রদের মাধ্যমে জানতে পারি বেশ কয়েকজন ব্যক্তি র্যাব সদস্য পরিচয়ে মেসে ঢুকে নয়নকে জেএমবির আত্মঘাতী সদস্য হিসাবে গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর আমি ঢাকায় গিয়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে ২৮ জুলাই মিরপুর মডেল (২) থানায় এ সংক্রান্ত একটি জিডি করি। বুধবার টেলিভিশনের খবরে নয়নকে দেখে নিশ্চিত হই প্রকৃত পক্ষে র্যাব সদস্যরাই নয়নকে গ্রেফতার করেছে।’
তবে মোজাহার বলেন, ‘র্যাব সদস্যরা নয়নকে জেএমবির সদস্য হিসাবে গ্রেফতার করলেও আমি বিশ্বাস করিনা আমার ছেলে জেএমবির সদস্য। সে অত্যন্ত ভদ্র এবং সহজ সরল ছেলে। তাছাড়া তার চলাফেরায় কখনই মনে হয়নি সে কোনো সংগঠনের সঙ্গে জড়িত।’
ইত্তেফাক/এএসএমইউ