বিপিএল খেলা হচ্ছে না আশরাফুলের

 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার হয়েছে আজ শনিবার। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাইলে তারা জানায়, কোন কোন ফরম্যাটে আশরাফুল খেলতে পারবে তা আইসিসি চিঠির মাধ্যমে বিস্তারিত জানাবে। তবে এ বিষয়ে নিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর খেলা হচ্ছে না আশরাফুলের।
 
শুরুতে বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা থাকলেও আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, বিপিএল-এর মত ফ্রাঞ্চাইজি ভিত্তিক কোন টুর্নামেন্টেই খেলতে পারবে না আশরাফুল।
 
এর ব্যাখ্যায় তিনি বলেন, যেহেতু ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আশরাফুল নিষিদ্ধ হয়েছিল, তাই এই ফরম্যাটের ওপর তার নিষেধাজ্ঞা বজায় থাকবে।
 
এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বিষয়ে। কেনান বিসিবি'র এই টুর্নামেন্টটিও ফ্রাঞ্চাইজি ভিত্তিক হয়ে থাকে। এ বিষয়ে বিসিবির সিইও জানান, আমরা আইসিসির কাছে বিষয়টি জানতে চেয়েছি। আইসিসি আমাদেরকে শিগগিরই জানাবে।
 
উপস্থিত সাংবাদিকরা জানতে চান, 'বর্তমানে আশরাফুল পেশাদার ক্রিকেট শুরু করতে পারছে কি না, আর পারলেও তা কোন ফরম্যাটে?' এর উত্তরে বিসিবি'র সিইও বলেন, আশরাফুল কি ধরণের স্থানীয় টুর্নামেন্টে খেলতে পারবে, কোন ধরণের টুর্নামেন্টে খেলতে পারবে না; তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া উচিত এ বিষয়ে আইসিসি চিঠির মাধ্যমে বিস্তারিত জানাবে। তারপরই আমরা বিস্তারিত জানাতে পারব। আর তাদের (আইসিসি) কাছ থেকে লিখিত ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত পেশাদার কোন টুর্নামেন্টে খেলা বা প্রাকটিস করতে পারবে না আশরাফুল।
 
উল্লেখ্য, ২০১৩ বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৮ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সে অনুযায়ী সাবেক বাংলাদেশ অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে গেছে ১৩ আগস্ট শনিবার।
 
ইত্তেফাক/আরএ