সড়ক দুর্ঘটনায় নিহত প্রথিতযশা চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে মানিকগঞ্জের ঘিওরে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন-আলোচনাসভা ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের নেতরা।
শনিবার সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, ঘিওর প্রেসক্লাব, বারসিক, সেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। সংগঠনগুলোর নেতারা প্রথমে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিরাপদ সড়ক ও রেল লাইন স্থাপনের দাবিতে মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম বিশ্বাস, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন কচি, বাংলাদেশের কমিনিস্ট পার্টির জেলা সভাপতি আজাহারুল ইসলাম আরজু, বারসিক প্রতিনিধি বিমল রায়, সাংবাদিক বিএম খোরশেদ, মনিরুল ইসলাম মিহির, রিপন আনসারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্থানীয় জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ