বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় সাড়ে ১৯ শতাংশ

 
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১৯ দশমিক ৪৮ ভাগ। ৪৪৪টি শিল্প প্রতিষ্ঠান এ সময়ে নিবন্ধিত হয়েছে। বিনিয়োগ বোর্ডের হালনাগাদ তথ্যে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো ৪০ হাজার ২৩৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে। এর আগের প্রান্তিকে অর্থাত্ জানুয়ারি থেকে মার্ট মাস পর্যন্ত সময়কালে ৪৪৪টি শিল্প ইউনিটের বিপরীতে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকার। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৬ হাজার ৫৬১ কোটি টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে সাকুল্যে বিনিয়োগ প্রস্তাব ১৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করেছে বিনিয়োগ বোর্ড।
 
হালনাগাদ তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগ প্রস্তাবনায় সার্বিক প্রবৃদ্ধি থাকলেও স্থানীয় বিনিয়োগের জন্য এগিয়ে আসা শিল্প ইউনিটের সংখ্যা কমেছে। পাশাপাশি কমেছে প্রস্তাবিত অর্থের পরিমাণও। তবে বিদেশি বিনিয়োগ প্রস্তাবনায় বড় ধরনের প্রবৃদ্ধির কারণে সার্বিক চিত্রে ইতিবাচক লক্ষ্য করা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৯৪টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ২৯ হাজার ১০৬ কোটি ৯২ লাখ টাকা। আর প্রথম তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৪০৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিল ৩১ হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা। অর্থাত্ স্থানীয় বিনিয়োগ প্রস্তাব হ্রাস পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের অর্থাত্ ২০১৫ সালের এপ্রিল থেকে জুন সময়কালে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব হ্রাস পেছিলো ৮ দশমিক ২৭ শতাংশ।
 
অন্যদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট ৫০টি শিল্প প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে, যাদের মধ্যে ২০টি শতভাগ বিদেশি মালিকানাধীন ও ৩০টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত। এই ৫০টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১২৭ কোটি ২০ লাখ টাকা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের তিন মাসে একক ও যৌথ বিদেশি বিনিয়োগ সম্বলিত মোট ৩৫টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগ পরিমাণ ছিল ২ হাজার ৪৬৭ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাত্ যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৫০ দশমিক ৯৩১ শতাংশ।
 
বিনিয়োগ বোর্ড জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্থানীয় ও বৈদেশিক সম্মিলিতভাবে রসায়ন শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। যা মোট বিনিয়োগের ৩৪ দশমিক ৪৭ শতাংশ।

ইত্তেফাক/এএম।