ঢাকার স্কুলে স্কুলে জঙ্গি বিরোধী মানববন্ধন

গুলশান হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় হামলাসহ সারাদেশে বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন পালন করা হয়। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সংলগ্ন রাস্তার পাশে ১৫ মিনিটের জন্য আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তিনি দেশে জঙ্গি তত্পরতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 
 
আজিমপুর কলোনির অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সহস্রাধিক শিক্ষক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজসহ নগরীর সকল প্রতিষ্ঠান এই কর্মসূচি পালন করে।
 
কর্মসূচিতে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা এবং ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।