চট্টগ্রামে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

 
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে  শুল্ক গোয়েন্দা। শনিবার রাতে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। 
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানায়, দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো তার দুই পায়ের তলায় লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪২ লাখ টাকা। 
 
সংযুক্ত আরব আমিরাত থেকে আগত যাত্রীর নাম মো. আবু ছালেক, পাসপোর্ট নং - AE8412313। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়। এয়ার আরাবিয়ার ফ্লাইট নং-  জি ৯ ৫২৩ যোগে রাত ৯ টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে পায়ের তলা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে