মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক শোক সমাবেশে তিনি এই তথ্য জানান।
মোজাম্মেল হক জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে পলাতক, তাদেরকে দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা কাজ করে যাচ্ছেন। আশা করি খুব শিগগিরেই তাদেরকে দেশে এনে রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীর দল জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কেবল তাই নয়, তাদের সব সম্পত্তিও বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনেরও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার নিকাহনামা, স্কুল সার্টিফিকেট এবং প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সময় যে জন্মতারিখ তিনি জাতির সামনে তুলে ধরেছিলেন, কোথাও ১৫ অগাস্ট ছিল না। আমি তার এই ভুয়া জন্মদিন পালনের নিন্দা জানাই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
ইত্তেফাক/এএসএস