জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবা, দু'জনই এ সময়ের 'মেগাস্টার'। এর মধ্যে একজন গত মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত সময় পার করেছেন, আর অপরজন জুভেন্টাসের হয়ে মাতিয়েছেন সিরি'আ লীগ।
সদ্যই দুজন যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাদের পেয়ে আনন্দের ফল্গুধারা বইছে ওল্ড ট্র্যাফোর্ডের বাতাসে। তবে সেই বাতাসকে ব্যক্তিত্বের দ্বন্দ্বে ভ্যাঁপসা করে তুলছেন পিএসজি ও জুভেন্টাসের সাবেক এই দুই তারকা!
শনিবার অনেকটা মজা করেই ইব্রা ঘোষণা দেন, কেবল তার সাথে খেলার জন্য ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন পগবা। এই ঘোষণায় মজা যতটাই থাক; খোঁচাও যে কম নেই, সেটা বুঝতে দেরি হয়নি ফ্র্যান্স মিডফিল্ডারের। ফলে পাল্টা খোঁচা দিতে সময় নেননি মাসে ৯ কোটিরও বেশি টাকায় ইউনাইটেডে আসা পগবা।
পগবা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, 'এই লোক (ইব্রাহিমোভিচ) আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে বিখ্যাত হতে চায়।'
পগবার এই ইনস্টাগ্রাম পোস্ট নজর এড়ায়নি ইব্রার। তাই সুইজারল্যান্ডের এই তারকাও শব্দ কাটছাঁট করে বলতে ছাড়েননি, 'আয়, এখনই আমি তোকে বিখ্যাত বানিয়ে দেই।'
পল পগবাকে উদ্ভট কাণ্ডকারখানার জন্য আড়ালে অনেকেই 'পাগল পগবা' ডাকেন, আবার জ্লাতান ইব্রাহিমোভিচকে খোঁচাখুঁচির জন্য ডাকেন 'জ্বালাতন ইব্রাহিমোভিচ'। দুই তারকা ফুটবলারের এই দুই বিশেষ নামেরও যে বিশেষ স্বার্থকতা রয়েছে সেটাই এবার আঙুল দিয়ে দেখাতে শুরু করে দিয়েছেন দুজনই।
ইত্তেফাক/আহমেদ মনসুর