প্রশ্ন ফাঁস ও ফল জালিয়াত চক্রের ৫ সদস্য গ্রেফতার

 
রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস ও ফলাফল জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার তাদের গ্রেফতার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও বিভিন্ন রকম সফটওয়্যার উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. আল-রাবীত ওরফে শুভ, মো. রিয়াজ ভূইয়া, মো. মেহেদী হাসান, মো. নজরুল ইসলাম ওরফে রাজু ও মো. আসাদুজ্জামান ওরফে গালিব। 
 
রবিবার ডিএমপি থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে ভুয়া পেজ খুলে এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পরিবর্তনের নামে গুজব ছড়িয়ে প্রতারণা করে আসছিল। এছাড়াও তারা ‘ম্যাজিক কল’ ও ‘ম্যাজিক এসএমএস’ নামক নিজস্ব উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল ও প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। এসব কাজে তারা অনেক সময় ভিওআইপি কল প্রযুক্তি ব্যবহার করত। 
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রমনা থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৫,৬,১৩ ধারায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস