মিঠাপুকুরে চোরসন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

 
রংপুরের মিঠাপুকুরে সন্দেহে একজনকে চোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রবিবার উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর পোড়া চাকলা গ্রামের এই ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি গাইবান্দা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার বাসিন্দা।
 
এলাকাবাসী জানায়, ভোরবেলা অপরিচিত তিনজন লোক কাশিমপুর পোড়া চাকলা গ্রামে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা শুরু করে। গ্রামের কয়েকজন লোক চোর চোর বলে চিত্কার শুরু করে। এসময় দুইজন পালিয়ে গেলেও একজনকে ঘিরে ফেলে গ্রামবাসী। তাকে মারপিট করলে সকালে তিনি মারা যান। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, কাশিমপুর পোড়া চাকলা গ্রামের শাহজাহানের বাড়িতে তিনজন চোর চুরি করতে যায়। এসময় বাড়ির মালিক টের পেয়ে চিত্কার শুরু করলে এলাকাবাসী চোরদের ধাওয়া করে। এসময় দুইজন পালিয়ে যায়। আরেকজন দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে গুরুতর আহত হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএস