হিমু হত্যা মামলা: ৫ জনের ফাঁসির আদেশ

 
চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন-শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওন। রায় ঘোষণার সময় শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন সাজু ও মাহাবুব আলী খান ড্যানি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক রয়েছেন।
 
ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এই রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন হিমুর পরিবার। হিমুর বাবা প্রবীর মজুমদার বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে। সরকার পলাতক আসামিদের গ্রেফতার করে সাজা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দাশ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করব।  
 
২০১২ সালের এপ্রিলে নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসায় কুকুর লেলিয়ে নিমর্মভাবে নির্যাতন করা হয় হিমাদ্রী মজুমদার হিমুকে। নির্যাতনের এক পর্যায়ে তাকে চারতলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন হিমুর মামা শ্রী প্রকাশ দাশ। 
 
ইত্তেফাক/এএসএস