ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে বিসিএলে

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর।  পঞ্চম আসরে এসে এবার ক্রিকেটারদের ম্যাচ ফি ২০ শতাংশ বাড়াচ্ছে বিসিবি।
 
রবিবার মিরপুরে জাতীয় দলের কোচ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে আলোচনার পর এ তথ্য দেন টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী।
 
বরাবরের মতো এবারও ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রথমশ্রেণির এ টুর্নামেন্টটি।  আগে ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা। এবার পাবেন ৫০ হাজার। তবে ম্যাচ ফি বাড়ালেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি আগের মতোই থাকছে।
 
সাইফুল আলম চৌধুরী জানান,  ফতুল্লা ও বিকেএসপিতে বিসিএলের ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নেয়া হতে পারে বলে জানিয়েছেন আকরাম খান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ইংল্যান্ড সিরিজের ভেন্যুতে বিসিএলের ম্যাচ হোক-এমনটা চাইছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
 
পরিচালনা কমিটির প্রধান বলেন, ‘বিসিএল যেহেতু আমাদের দীর্ঘ পরিসরের ক্রিকেটের সেরা টুর্নামেন্ট তাই এটা আমরা টেস্ট ভেন্যুতেই করতে চাই। কোচ চেয়েছেন ঢাকা ও চট্টগ্রাম টেস্ট ভেন্যুতে খেলার জন্য। গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসে চেষ্টা করা হবে টেস্ট ভেন্যুতে খেলা দেওয়ার।’