নতুন ইতিহাস গড়তে সোমবার ট্র্যাকে নামছেন বোল্ট

 
নতুন ইতিহাস গড়তে অলিম্পিক ট্র্যাকে নামছেন বিশ্বের দ্রততম মানব উসাইন বোল্ট। সোমবার সকাল ৭টা ২৫ মিনিটে নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে নামবেন জ্যামাইকান স্প্রিন্টার।
 
সারাবিশ্বের ক্রীড়ামোদীদের দৃষ্টি নিবদ্ধ থাকবে রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামের লাল ট্র্যাকে। কোনো স্প্রিন্টার এর আগে টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ পদক জিততে পারেননি। বোল্ট পারলে নতুন এক ইতিহাসই লেখা হবে।
 
এ মাসের শেষেই ৩০ বছরে পা দিবেন জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট। তাই আগেই জানিয়ে দিয়েছেন এটিই তার শেষ অলিম্পিক। আর স্বর্ণস্বাদ নিয়েই নিজের বিদায় চাইবেন তিনি। তার এজন্য অবশ্যই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।  বোল্টের প্রতিদ্বন্দ্বি মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনের বয়স ৩৪, অ্যাথলেটিক্সের জন্য বুড়িয়ে গেলেও সাফল্যের ক্ষুধা তার কমেনি মোটেও।
 
রবিবার অনুষ্ঠিত ৬ নম্বর হিটে ১০:০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে পৌঁছেছেন বোল্ট, সেমিফাইনালে দৌড়াবেন ২৪ জন স্প্রিন্টার। ৮ জনে বিভক্ত হয়ে তিনটি সেমিফাইনালের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ও বাকি ১৮ জনের মাঝে সেরা দুই টাইমিংয়ের অধিকারী মোট আট জন অবতীর্ণ হবেন ফাইনালে। সেখানে লড়বেন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ের জন্য।
 
হিটে ১০:০১ সেকেন্ড সময় নিয়ে তিনি তার দৌড় শেষ করেছেন, জানান দিয়েছেন বোল্টকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি গ্যাটলিন।   ২০০৪ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন গ্যাটলিন যদি স্বর্ণ জেতেন তবে তিনি হবেন সবচেয়ে বর্ষীয়ান অলিম্পিক ১০০ মিটার চ্যাম্পিয়ন।
 
বিশ্ব অ্যাথলেটিক্সের ব্রোঞ্জ পদক জয়ী কানাডার আন্দ্রে ডি গ্রাসও কিন্তু বোল্টের সামনে চ্যালেঞ্জ ছুড়ে বসে আছেন, তিনি হিট শেষ করেছেন ১০:০৪ সেকেন্ডে। চীনের ‘টেকনিকালি এফিসিয়েন্ট’ জি ঝেন য়ি ১০:০৮ সেকেন্ড সময় নিয়ে আবির্ভূত হয়েছেন চ্যালেঞ্জার হিসেবে। 
 
তবে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি তারই স্বদেশি ইয়োহান ব্লেক। ১০:১১ সেকেন্ড সময় নিয়ে তার হিট জিতে জানান দিয়েছেন তিনি ফর্মে আছেন।
বোল্ট ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে ১০০, ২০০, ও ৪x১০০ মিটার রিলের স্বর্ণ পদক জিতেছেন।  তিনিই প্রথম স্প্রিন্টার যিনি অলিম্পিকে নিজের জেতা তিনটি স্বর্ণ পদক অক্ষুণ্ন রাখতে পেরেছিলেন।
 
রিওতে যদি তিনি আবারও এ তিনটি স্বর্ণপদক জিততে পারেন তবে 'ট্রিপল-ট্রিপল' এর অবিসংবাদিত রেকর্ড শোভা পাবে তার গলায়।