খুলনায় তিন বনদস্যুর ২৭ বছর করে কারাদণ্ড

খুলনায় অস্ত্র মামলায় সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যকে ২৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
 
রবিবার দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর শরা গ্রামের সাকাওয়াত গাজীর ছেলে মো. শাহজাহান ও একই উপজেলার চাঁদনিমুখা গ্রামের মোহম্মদ আলী গাজীর ছেলে আমীর আলী এবং খুলনার পাইকগাছা উপজেলার পাটকেলপোতা গ্রামের আশরাফ গাজীর ছেলে জব্বার গাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
 
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ আগস্ট রাত সোয়া ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা কয়রা উপজেলার ভৈরব নদীর কাটেশ্বর খাল সংলগ্ন সুন্দরবনের গহীন জঙ্গলে অভিযান চালায়। অভিযানকালে কোস্টগার্ড সদস্যরা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য শাহজাহান, আমীর আলী ও জব্বার গাজীকে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে দুটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশি তৈরি একনলা বন্দুক, দুটি  শুটারগান, ও সাতটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোস্টগার্ডের পেটি অফিসার এম মোস্তাফিজুর রহমান বাদী বনদস্যুদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করেন।