জানুয়ারিতে ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকলে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে চান ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। বিগ ব্যাশ দল হোবার্ট হারিকেনসের সঙ্গে ব্রড চুক্তির কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রাখতে জাতীয় দলে ফিরতে মরিয়া এই পেসার।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাঁচ ম্যাচ সিরিজের এই দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ব্রডের নেই বললেই চলে। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দুটি ওয়ানডেতে দলে জায়গা হয় তার।
২০১৫ বিশ্বকাপের পর নতুন পেসারদের দিকে ঝুঁকছে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে এখনই হাল ছাড়তে নারাজ ব্রড। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনি জানান, ভিন্ন সংস্করনের ক্রিকেটে ভালো পারফর্ম করেই সীমিত ওভারের ক্রিকেট ফিরবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা না হলে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন তিনি ক্রিকইনফো
দৈনিক ইত্তেফাক/এমএইচ