সাতকানিয়ায় খালে ডুবে ছাত্র নিখোঁজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খালে ডুবে তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিহাব সাতকানিয়া পৌর সভার ছমদর পাড়া ১১নং গলির মো. শাহজাহানের ছেলে।  মো. শিহাব(৮) পৌর সভার ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
 
রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শিহাব বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ডলু খালের চরে ফুটবল খেলতে যায়।  খেলার এক পর্যায়ে ফুটবলটি চরের পাশের খালে পড়ে যায়। শিহাবসহ আরো দুই বন্ধু ফুটবলটি পানি থেকে তুলতে খালে নামে। বল নিয়ে অন্য দুই বন্ধু চরে উঠে আসলেও শিহাব পানিতে তলিয়ে যায়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রিপোর্ট লিখা পর্যন্ত শিহাবের কোন সন্ধান পাওয়া যায়নি। 
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ