‘বিএনপি-জামায়াত কখনো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না’

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি-জামায়াত জোট যতই চেষ্টা করুক, এদেশের মানুষের হৃদয় থেকে জাতির পিতার নাম মুছে ফেলতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে- জাতির পিতার নামও ততদিন থাকবে। জাতির পিতা বাঙালির হৃদয়ের রয়েছেন। জাতির পিতাকে বাদ দিয়ে বাঙালি অস্তিত্ব থাকে না, তেমনি জাতির পিতাকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না।
 
সোমবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী কনভেনশন সেন্টারে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী শাহের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামীম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সলেমান গণি প্রমুখ।
 
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উপজেলা সদরে শোকর‌্যালি বের করা হয়।