যুক্তরাজ্যের একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ এঞ্জেলা গ্রেগরি বলেছেন অনলাইনে পর্নোগ্রাফি দেখার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের ছেলেদের যৌন স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের এই চিকিৎসক বলেছেন, ইদানীং আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
যৌন স্বাস্থ্য বিষয়ক জটিল সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন তারা। তিনি বলেন, আমি খেয়াল করছি গত ষোলো বছরে বিশেষ করে গত পাঁচ বছরে সাধারণ চিকিৎসকরা অনেক বেশি হারে তরুণদের আমার কাছে পাঠাচ্ছেন আগে এমনটা দেখেন নি।
গ্রেগরি বলেন অতীতে বেশিরভাগ বয়স্ক পুরুষরা আসতেন ডায়াবেটিস বা হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত নানা সমস্যা নিয়ে। তরুণরা বড়জোর আসতো লিঙ্গ উত্থান জনিত সমস্যা নিয়ে। কিন্তু এমনকি কিশোর বয়সী ছেলেরাও এখন যৌন সমস্যায় ভুগছে।
পনেরো বছর বয়সী এক রোগীর কথা উদ্ধৃত করেন গ্রেগরি। পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে আরো কয়েক বছর আগে। সেই কিশোর তাকে জানিয়েছে, যৌনতার সাধারণ কোন জিনিসই এখন আর তাকে উত্তেজিত করে না। তাই দিনকে দিন আরো খারাপ ধরনের পর্নোগ্রাফির প্রতি তার আগ্রহ তৈরি হচ্ছে।
গ্রেগরি বলছেন, খুব সহজলভ্য অনলাইন পর্নোগ্রাফিতে তরুণরা যে ধরনের ছবি বা যৌনতার ধারণা পান তা অনেকসময় বাস্তবতার সাথে মেলে না। তাতে তাদের বাস্তব জীবনের যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের সঙ্গীদের কাছে ঐ ধরনের অবাস্তব কিছু আশা করে থাকেন। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ