অনার কিলিংয়ের কথা স্বীকার করলেন সামিয়ার সাবেক স্বামী

পাকিস্তানে সামিয়া শাহিদকে খুন করার কথা স্বীকার করেছেন তার সাবেক স্বামী। ২৮ বছর বয়সী ব্রাডফোর্ডের বাসিন্দা সামিয়া শহিদ গত মাসে উত্তর পাঞ্জাবে নিহত হন। ঘটনাটিকে তথাকথিত ‘অনার কিলিং’ বলে ধারণা করা হচ্ছে।
 
বিবিসি পাকিস্তানের একজন সাংবাদিক জানান,সামিয়ার সাবেক স্বামী চৌধুরী শাকিল তাকে স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন। সামিয়ার বাবা মোহম্মদ শহিদকে হত্যার সহযোগী হিসেবে আটক করা হয়েছে। উভয়কে গত শনিবার পাকিস্তানের একটি আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে পাকিস্তানের পুলিশ শাকিলের কথিত স্বীকারোক্তির বিষয়টি অস্বীকার করেছিল।
 
সামিয়ার পরিবার প্রাথমিকভাবে দাবি করেছিল, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কিন্তু তার স্বামী সৈয়দ মুকতার কাজাম দাবি করেন, সামিয়াকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, পরে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সামিয়ার দ্বিতীয় স্বামী কাজামের ধারণা, তার স্ত্রীর পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ার কারণে তাকে হত্যা করা হয়।
 
উল্লেখ্য, শাকিলকে ডিভোর্স দিয়ে সামিয়া যুক্তরাজ্যে তার দ্বিতীয় স্বামী কাজামকে বিয়ে করেছিলেন। -বিবিসি
 
ইত্তেফাক/এমএএস