পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন সুচি

মিয়ানমারের নেতা অং সান সুচি চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন। ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে তার এই রাষ্ট্রিয় সফর। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং একথা জানান।
 
গত মার্চ মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর অং সান সুচি প্রথম বার্মিজ নেতা যিনি চীন সফরে যাচ্ছেন।
 
লু বলেন, ‘এই দুই দেশের মধ্যে নতুন পর্যায়ে ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের ক্ষেত্রে এ সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ লু আরো জানান, সফর চলাকালে সু চির সঙ্গে চীনের নেতারা সাক্ষাৎ করে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
 
চীন বিশ্বাস করে সুচির এই সফর তাদের দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দুইদেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বৃদ্ধি করবে। -এএফপি