সুজানগরের গাজনার বিলের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং ব্রিজ কালভার্ট ভেঙে যাচ্ছে। গত ৪/৫ দিন ধরে গাজনার বিলের পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিলে প্রচণ্ড ঢেউ উঠায় বিলের মাঝ দিয়ে যাওয়া উপজেলার সাতবাড়ীয়া-চিনাখড়া প্রধান সড়কের অর্ধেক অংশ ভেঙে গেছে। ভাঙন অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে সম্পূর্ণ সড়ক ভেঙে যানবাহন এবং জনসাধারণ চলাচল বন্ধ হয়ে যাবে। একই অবস্থার সৃষ্টি হয়েছে বিল সংলগ্ন হাটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট এবং বাড়ি-ঘরের।
হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, গাজনার বিলের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বিল পাড়ের হাটখালী, কামালপুর, সৈয়দপুর, শ্রীপুর এবং স্বাগতা গ্রামের অর্ধশত বাড়ি-ঘর, দুইটি রাস্তা এবং একটি ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে যেতে পারে। ব্রিজটি ভেঙে গেলে উপজেলার বোনকোলা গ্রামের সাথে হাটখালী এবং সৈয়দপুরসহ ৩/৪টি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে ব্যবসা-বাণিজ্যসহ বিশেষ করে কৃষিপণ্য ঘরে তুলতে কৃষকের সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন জানান, আমি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।
ইত্তেফাক / এ এন