টেম্পু চালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

উপজেলার থানারঘাট করতোয়া ব্রিজের পূর্বপাড় থেকে পূর্বাঞ্চলের কয়েকটি সড়কে সিএনজি চালিত অটো টেম্পুর চালকদের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। এতে যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি চালকদের হাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ভাড়া নিয়ে কোনো যাত্রী কথা বললে চালকেরা জোট বেঁধে তাকে হয়রানি করছে। ফলে এর প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছে না । অপরদিকে এসব সড়কের অধিকাংশ স্থানে পিচ, পাথর, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এ সড়কের অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ হলেও চালকদের উচ্চগতিতে বেপরোয়া চলাচলে এসব সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা।
 
খোঁজ নিয়ে জানা গেছে, থানারঘাট করতোয়া ব্রিজ থেকে ওইসব সড়কে প্রতিদিন ২৫০টি সিএনজি চালিত অটো টেম্পু চলাচল করে থাকে। এসব সিএনজির ৬০ ভাগ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এরা শুধু  শ্রমিক সমিতির সদস্য হয়ে সম্পূর্ণ অবৈধভাবে এসব টেম্পু চালাচ্ছে। এদের মধ্যে অনেক মালিক নিজেই টেম্পু চালানোর ফলে তারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজনই বোধ করছেন না।
 
এ ব্যাপারে শাহজাদপুরের পরিবহন শ্রমিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, লাইসেন্সবিহীন চালকদের অনেকেরই লাইসেন্সের জন্য আবেদন করা আছে। বাকিরাও অচিরেই আবেদন করবেন। যাত্রী হয়রানির বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে শাহজাদপুর অটো টেম্পুর মালিক সমিতির সভাপতি ইলিমগীর মাসুদ জেম ও সাধারণ সম্পাদক পান্না লোদী বলেন, যাত্রী হয়রানি ও উচ্চহারে ভাড়া রোধে তারা অচিরেই পদক্ষেপ নেবেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও শাহজাদপুর অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উচ্চহারে ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
 

ইত্তেফাক / এ এন