পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে তার মাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। নিহত শাহ জামান (৪৫) উপজেলার ধোপাদহ ইউনিয়নে পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
 
সোমবার দিনগত রাতে উপজেলার ধোপাদহ ইউনিয়নের পাইকোশাখালি গ্রামে  এ ঘটনা ঘটে।   আহত জয়গন (৭০) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, স্থানীয়দের খবরে মঙ্গলবার সকালে পাইকোশাখালি গ্রাম থেকে ওই  গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে শাহজামানের লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে তিনি খুন হয়েছেন।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ