ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। এদের মধ্যে একজন গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পাশে ছাই ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হন তার স্বামী সহিদুল ও আশিরুল (৪০) নামে এক প্রতিবেশী।
 
এলাকাবাসী জানায়, বসতভিটার আট শতক জমি নিয়ে সহিদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের মধ্যে বিরোধ চলছিল।
 
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।