আশিয়ান সিটির দক্ষিণ খান প্রকল্প নিয়ে রায় বাতিল

ঢাকার দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল করে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানটির রিভিউ গ্রহণ করেছে হাইকোর্ট।
 
আশিয়ান সিটির রিভিউ আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের বৃহত্তর বেঞ্চে আজ মঙ্গলবার এই রায় দেয়।
 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্পসংলগ্ন দক্ষিণ খান থানার আশকোনা ও কাওলা এলাকায় প্রতিষ্ঠানটির ওই প্রকল্পের নাম আশিয়ান সিটি প্রকল্প, যা বাস্তবায়ন করছিল আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড।
 
ওই প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি নিয়ে ২০১২ সালের ২২ ডিসেম্বর একটি রিট আবেদন নিয়ে হাই কোর্টে আসে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলন।
 
তাদের অভিযোগ ছিল, ১৯৭২ সালের ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার অনুসারে বাংলাদেশের কেউ ৩৩ একর বা ১০০ বিঘার বেশি জমি রাখতে পারেন না। কিন্তু আশিয়ান সিটি প্রকল্পের কাগজপত্র অনুসারে তারা ৪৩ দশমিক ১১ একর ভূমিতে আবাসন প্রকল্পের অনুমোদন পেয়েছে।
 
তাছাড়া ওই প্রকল্প এলাকা প্লাবন ভূমি ও নিচু জমি হওয়ায় এবং সেখানে খাল থাকায় জলাধার আইন অনুসারে ওই জমিতে আবাসন প্রকল্প করা যায় না বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।
 
ওই রিটের প্রেক্ষিতে গতবছর ২ জানুয়ারি হাই কোর্ট রুল জারি করে। রুলের ওপর চূড়ান্ত শুনানি করে চলতিবছর ১৬ জানুয়ারি আশিয়ান সিটির ওই প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাই কোর্ট।
 
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বৃহত্তর বেঞ্চে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ওই রায়ের ফলে আশিয়ান সিটির প্রকল্প এবং প্লট-ফ্ল্যাট ক্রয়-বিক্রয়সহ সব কর্মকাণ্ডই অবৈধ হয়ে যায়। বিডিনিউজ।
 
 
 
ইত্তেফাক/এমআই