মাদক ধরিয়ে দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশকে মাদক ধরিয়ে দেয়ায় ঝন্টু (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। নিহত ঝন্টু সীমান্তবর্তী পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
 
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, এলাকার মাদক ব্যবসায়ী আজম, লাবু ও হ্যাবলের মাদকদ্রব্য বহন করতেন ঝন্টু। রবিবার রাতে ওই মাদক ব্যবসায়ীদের দুই শ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি গাঁজা পুলিশে ধরিয়ে দেয়। এর জের ধরে সোমবার বিকালে ওই মাদক ব্যবসায়ীরা ঝন্টুর বাড়িতে হানা দিয়ে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে ঝন্টু মারা যান। পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সন্ধ্যার দিকে ঝন্টুর মুখে বিষ ঢেলে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয়। এ সময় নিহত ঝন্টুর বাড়ি থেকে দুটি গরু লুট করে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পুলিশ খবর পেয়ে সোমবার দিনগত রাত একটার দিকে লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘মাদক আটকের বিষয়টি আমি জানিনা।’
 
ইত্তেফাক/এএসএমইউ