পুলিশকে গুলি করে হত্যার হুমকি যুবলীগ নেতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের এক এএসআইকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার। এ ব্যাপারে এএসআই আসাদুল ইসলাম মঙ্গলবার দৌলতপুর থানায় জিডি করেছেন।
 
জিডিতে বলা হয়, সীমান্তবর্তী প্রাগপুর এলাকার প্রাগপুর স্কুল পাড়ার বাসিন্দা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বয়াক রিপন সরকার সোমবার বেলা ১২টা ৫৮ মিনিটে ওই পুলিশ সদস্যের ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক এবং অবৈধ অস্ত্রের চালান আটক না করার জন্য বলেন। বেশি বাড়াবাড়ি করলে গুলি করে হত্যা করা হবে বলে তাকে হুমকি দেয়া হয়।
 
এ ব্যাপারে জানতে রিপন সরকারের মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। 
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, পুলিশের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/এএসএমইউ