জানুয়ারিতে ফিরতে পারেন শারাপোভা

আগামী বছরের জানুয়ারিতেই টেনিসে দেখা যেতে পারে রুশ তারকা মারিয়া শারাপোভাকে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন দেশটির টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তার্পিশচেভ।
 
রাশিয়ান সংবাদ সংস্থা ‘তাস’কে তিনি জানান, ‘সেপ্টেম্বরে সবকিছু নির্ধারণ করা হবে। এটা নিশ্চিত করে বলা অসম্ভব কিন্তু আমি মনে করি, সে (শারাপোভা) জানুয়ারিতে আবারো খেলায় ফিরতে পারবে।’
 
এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ড্রাগ টেস্টে নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম পজিটিভ প্রমাণিত হওয়ার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন ২৯ বছর বয়সী শারাপোভা।
 
যদিও রাশিয়ান টেনিস সুন্দরী দাবি করেন, চিকিৎসকের পরামর্শেই তিনি লাৎভিয়ায় তৈরি ড্রাগটি এক দশক ধরে ব্যবহার করে আসছেন। মেলডোনিয়াম ড্রাগটি যে ২০১৬ সালের ১ জানুয়ারি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে নাকি তিনি অবগত ছিলেন না।