অনলাইনে মানুষকে সংযুক্ত করতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। কিন্তু দেশটি একই সাথে তার নিজের ও অন্যান্যদের জন্য বিপুলভাবে সাইবার হামলার ঝুঁকি তৈরি করছে। কথাগুলো বলেছেন 'আমেরিকার সফটওয়্যার অগ্রদূত' বলে খ্যাত জন ম্যাকফি।
বেইজিংয়ে অনুষ্ঠিত ইন্টারনেট সিকিউরিটি প্রফেশনালদের সভায় এসব কথা বলেন তিনি।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে নানান ধরনের ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে হ্যাকাররা। গৃহ-নিরাপত্তা ও তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ডিভাইস থেকে অটোমোবাইল ও উড়োজাহাজের কম্পিউটার সিস্টেমে হানা দিয়েছে এরা।
তিনি আরও বলেন, 'রেফ্রিজেটর থেকে স্মার্ট থার্মোস্ট্যাটের মতো ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নেতৃত্ব দিচ্ছে চীন, যা সাইবার নিরাপত্তায় আমাদের দুর্বলতম সংযোজন।'
ম্যাকফির দাবি, 'এসব ডিভাইসের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ইন্টারনেট সংযুক্তি বাড়বে, আর একই সাথে হ্যাকিংয়ের ঝুঁকিও বাড়বে।'
ম্যাকফি তার নিজের নামে প্রতিষ্ঠিত অ্যান্টি-ভাইরাস কোম্পানি দিয়ে বিশ্বজুড়ে পরিচিত। তবে বর্তমানে এক হত্যা মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাকে খুঁজছে, আর পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
ইত্তেফাক/এএম