অলিম্পিক সোনা জিতে মারের চোখ ইউএস ওপেনে

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। অলিম্পিকে টানা দ্বিতীয়বারের মতো সোনা জেতার পরে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে বিশ্বাস করেন, ইউএস ওপেনের চ্যালেঞ্জের আগে এই জয় তার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারে।
 
র‌্যাংকিংয়ে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুটি অলিম্পিকের সিঙ্গেলসে সোনা জয়ের রেকর্ড গড়েছেন। চার ঘণ্টারও বেশি কঠিন লড়াইয়ের ফাইনালে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে পরাজিত করে নিজের সোনা ধরে রাখেন মারে। ইতোমধ্যেই ক্যারিয়ারে নিজের দ্বিতীয় উইম্বলডন শিরোপা চলতি বছর দখল করেছেন এই ব্রিটিশ নাম্বার ওয়ান। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছেন। 
 
সে কারণেই মারে বিশ্বাস করেন ইউএস ওপেনেও তার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে জুনে প্যারিসে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণ করা সার্বিয়ান তারকা জকোভিচই। এ সম্পর্কে মারে বলেছেন, ‘গত দুই বছর যাবত নোভাক দুর্দান্ত টেনিস খেলছে এবং তার মধ্যে ধারাবাহিকতা আছে। আমি গত চার মাসে যা করেছি সে পুরো বছর জুড়েই তা করছে। আমাকে এই ধারা ধরে রাখতে হবে। ইউএস ওপেন আমার পরবর্তী লক্ষ্য। এই বছর প্রতিটি স্ল্যামের ফাইনালে আমি খেলেছি। নিউ ইয়র্কেও ভাল কিছু করে দেখাতে চাই। 
 
পরপর দুই স্বর্ণ জয়ের পরেও ২০২০ টোকিও অলিম্পিকে তৃতীয় সোনা জয়ের চিন্তা করছেন না মারে। বরং তিনি বলেছেন, তখন আমার বয়স হবে ৩৩। জানিনা তখন পর্যন্ত নিজের ফর্ম ধরে রাখতে পারবো কিনা। ইএসপিএন। 
 
 
ইত্তেফাক/এসএসএ