আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৭ আগস্ট। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচীর আয়োজন করেছে। কবি ২০০৬ সালের এইদিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন।
কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক, গীতিকার, কলামিষ্ট। দীর্ঘ ছয় দশক কবি এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলিল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। কবির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় কবিতা পরিষদ জানায়, কবির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতিপরিষদ ও কবি শামসুর রাহমান ফাউন্ডেশন যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে নয়টায় বনানী কবরস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, বিকেল তিনটায় কবি শামুসর রাহমান ফাউন্ডেশনের উদ্যোগে কবির গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড়তলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কবি-সাহিত্যিক মিলনমেলা অনুষ্ঠিত হবে।
কবি প্রসঙ্গে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ বলেন, বাঙালীর জীবনে শামসুর রাহমানের প্রয়োজন কতটুকু তা অনুধাবন করা যায় তাঁর কবিতা পাঠ করলে। তাঁর কবিতায় স্বাধীনতা, মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ, বিশ্বজনীনতা সবই উঠে এসেছে। যা আজও আমাদের উজ্জীবিত করে।
তিনি বলেন, শামসুর রাহমান মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই শ্যামলীর নিজ বাড়িতে তাঁকে আক্রান্ত হতে হয়েছিল। বাসস।
ইত্তেফাক/ এ এন