হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬শ কার্টুন আমদানী নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের এয়ারক্রাফট এলাকা থেকে যাত্রীদের লাগেজ কেটে মোবাইল চুরির ঘটনায় আরো ৪ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।
উদ্ধার হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। মোবাইল চুরির ঘটনায় ২ জনের ১ বছর করে কারাদণ্ড ও অপর ২ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্ট।
আটক ব্যক্তিরা হলেন, চট্রগ্রামের মো: জামাল (৩৬)। অপর ৪ জন হলেন এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ট্রাফিক সহকারী মো: জিসান আহমেদ (২৬), তার সহযোগী মো. ইস্রাফিল (৪৫), জিয়াউর রহমান (৩৬) ও মো: নজরুল ইসলাম (৪৭)।
আটক যাত্রী মো: জামাল এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি, এর ১/বি, ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী জামালকে থানায় সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ধৃত আসামী মো: জামালকে থানা থেকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সোমবার রাতে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্সের মালামাল নামানোর সময় বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ কেটে মোবাইল চুরির চেষ্টাকালে ২টি দামী চোরাই মোবাইলসহ এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ট্রাফিক সহকারী মো: জিসান আহমেদ (২৬), তার সহযোগী মো মো: ইস্রাফিল (৪৫),জিয়াউর রহমান (৩৬) ও মো: নজরুল ইসলাম (৪৭) সহ ৪জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।
পরবর্তীতে আটককৃত ৪জনকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ট্রাফিক সহকারী মো: জিসান আহমেদ (২৬), তার সহযোগী মো: ইস্রাফিল (৪৫)কে ১ বছর করে কারাদণ্ড প্রদান এবং অপর ২জন জিয়াউর রহমান (৩৬) ও মো: নজরুল ইসলাম (৪৭) ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। বাসস।
ইত্তেফাক/ এ এন