আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল প্রকল্প অনুমোদন

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৪৪৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি চলতি বছর শুরু হয়ে ২০১৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
বাংলাদেশ অংশে এটি আখাউড়া-চট্টগ্রাম রেল সেকশনে গঙ্গাসাগর স্টেশনে এসে মিলিত হবে। তারপর বিদ্যমান রেললাইনের পূর্বপাশ দিয়ে সমান্তরালভাবে আখাউড়া জংশন স্টেশনে গিয়ে মিলিত হবে।
 
মোট ১৫ দশমিক শুন্য ৫৪ কিলোমিটারের এই রেল লাইনটির মধ্যে ভারতীয় অংশে ৫ দশমিক শুন্য ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে ১০ দশমিক শুন্য ১৪ কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই প্রকল্পে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল হতে ৫৭ কোটি টাকা এবং ভারত সরকার ৪২০ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্প সহায়তা পাওয়া যাবে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সভায় ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
 
অনুমোদিত অন্যান্য প্রকল্প নিয়ে পরিকল্পণামন্ত্রী জানান, ভৈরব নদী পুনঃখনন অন্তর্ভুক্ত করে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৭২ কোটি ৮২ লাখ টাকা।
 
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, ১০৬ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে পোল্ডার নং-৬৮ এর সী-ডাইক অংশে বাঁধ পুনঃনির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রকল্প। ৯৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার বাপাউবো’র আওতায় উপকূলীয় অঞ্চলের পোল্ডার নং ৬১/১ (সীতাকুন্ড), ৬১/২ (মীরসরাই) ও ৭২ (সন্দ্বীপ) এর বিভিন্ন অবকাঠামোসমূহের ভাঙ্গন প্রতিরোধ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য পুনর্বাসন প্রকল্প, ৮৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প। এবং ৫৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ঢাকার শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ (৮-১১তলা) (৩ পর্ব) প্রকল্প।
 
ইত্তেফাক/ এএন