জাতীয় জাদুঘরের ডিজিসহ তিনজনকে আবারও হাইকোর্টে তলব

আদালতের নির্দেশনা সঠিকভাবে পালন না করায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক (ডিজি) ফয়জুল লতিফ চৌধুরী ও সদস্য সচিব ফারুক হোসেনকে দ্বিতীয় দফায় তলব করেছে হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির একটি নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানিকালে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
রিটকারী পক্ষের আইনজীবী শাহ মো. আহসানুর রহমান বলেন, এর আগে ১০ মার্চ তাদেরকে তলব করেছিলেন হাইকোর্ট। তখন আদালতে জবাব দাখিল করা হয়েছে উল্লেখ করে ব্যক্তিগত হাজিরা থেকে তারা অব্যহতি নেন। কিন্তু রুল শুনানির সময় দেখা যায় তারা সঠিকভাবে জবাব দাখিল করেননি। আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ বাতিল করে পুনারায় মূলনথিপত্রসহ হাজির হতে বলেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
জানা যায়, ২০১৩ সালের ৫ আগষ্ট জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ১২টি ক্যাটাগরিতে ৩৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বাছাই কমিটি ২০১৪ সালের ৮ মার্চ ৩৫ জনকে নিয়োগের প্রস্তাব করে। জাদুঘরের বোর্ড অব ট্রাস্ট্রির এক সভায় এ বিষয়ে একটি মামলা থাকার কথা জানিয়ে প্রস্তাব অনুমোদন না করে নতুন বিজ্ঞপ্তি দিতে বলে। পরে গত বছরের ৩০ এপ্রিল জাদুঘর কর্তৃপক্ষ তিনটি পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। নতুন করে দেয়া এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ সুবীর শিকদার (মুভি ক্যমেরাম্যান) ও সুস্মিতা বিশ্বাস (সহকারি কিপার, বিশ্ব সভ্যতা)। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ২ জুন নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করে।
 

ইত্তেফাক/ এএন